কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে আটক ৬


কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে ৬ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে তিনজনকে এক বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৩ অক্টোবর রাতে ভেড়ামারা উপজেলার চারটি পৃথক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আড়াই ঘণ্টা ধরে চলা এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত।
এদিকে জেলা প্রশাসনের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন ও পৌরসভার নওদাপাড়া এলাকায় ৪টি ভিন্ন স্পটে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত নিজে উপস্থিত থেকে গত ২৩ অক্টোবর রাতে আড়াই ঘন্টা (রাত ৮টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদকসহ ও মাদক সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৩ জনকে ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা (অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ড) প্রদান করা হয়। অপর ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



