ভাষা শুধু শব্দসমষ্টি নয়, চিন্তারও মাধ্যম: উপসচিব মিজানুর রহমান


কুষ্টিয়া প্রতিনিধি: ভাষা শুধু কতিপয় শব্দের সমষ্টি নয়, বরং চিন্তা করারও মাধ্যম। ভাষার সাহায্যেই মানুষ চিন্তা করে, নিজের ভাবনা প্রকাশ করে এবং মননের বিকাশ ঘটায়। এমন মন্তব্য করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) উপসচিব মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড-২০২৬-এর পুরস্কার বিতরণী ও বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিশ্বের সব প্রাণীই মরণশীল। তবে মানুষ মরণশীল হওয়ার পাশাপাশি চিন্তাশীল প্রাণীও। ভাষা মানুষের চিন্তা ও ভাব প্রকাশের অন্যতম মাধ্যম।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃণাল কান্তি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মনিরা আকতার।
অনুষ্ঠানে ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, মেধার বিকাশ এবং প্রতিযোগিতামূলক শিক্ষার প্রতি আগ্রহ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপহার ও সম্মানী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক ইমরান হোসেন ইরান এবং শিক্ষার্থী মাহমুদা আলম, ধ্রুব ও রাহাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে শিক্ষার্থী সাদমান এবং শ্রীগীতা থেকে পাঠ করে স্বপ্নিল পাল। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



