খুলনার ডুমুরিয়ায় ১২ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল ৫ জনের


খুলনা ব্যুরো : খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকায় মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম দুর্ঘটনায় যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন এবং দ্বিতীয় দুর্ঘটনায় বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে আরও তিনজনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ৪০ থেকে ৪৫ জন যাত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) গভীর রাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে আঠারোমাইল বাসস্ট্যান্ড এলাকায়। পরদিন বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডাঙ্গিরপার এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আঠারোমাইল বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের একজন রাফিউর রহমান গাজী (৪০)। তিনি চুকনগর বাজারের মাছের আড়তদার ছিলেন।
এর প্রায় ১২ ঘণ্টা পর বুধবার বিকেলে একই এলাকায় আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ক্রাউন সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। অন্যদিকে, ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
এ ঘটনায় ট্রাকচালক জিন্নাত মিয়া (মুন্সীগঞ্জের মোক্তারপুর এলাকার বাসিন্দা) এবং বাসের নিচে চাপা পড়া অজ্ঞাতপরিচয় দুই যুবক নিহত হন। দুর্ঘটনায় বাসের প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।



