খুলনা

খুলনায় পৃথক ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

খুলনা ব্যুরো : খুলনা মহানগরীতে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় ১৯ ও ৮৩ বছর বয়সী দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন খুলনার খানজাহান আলী থানাধীন ফুলবাড়িগেট মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।
খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিয়াম ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এতে তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেট এলাকায় পৌঁছালে সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এতে তাঁর একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

এসআই এসএম রায়হান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দুইজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও সংবাদ