শিক্ষা

এসএসসির টেস্ট পরীক্ষা শুরু ২৮ অক্টোবর, ফল ১৫ নভেম্বরের মধ্যে

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার নির্বাচনি (টেস্ট) পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু করতে হবে। ১০ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ করতে হবে। আর ১৫ নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। একই সঙ্গে নিয়মিত সব শিক্ষার্থীকে টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, নিয়মিত পরীক্ষার্থীদের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে টেস্ট পরীক্ষায় অংশ নিতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন বিষয়ে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে পাঠাবে। পাশাপাশি ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়নের হাতে লেখা মূল নম্বরপত্র মাধ্যমিক পরীক্ষা শাখায় সরাসরি জমা দিতে হবে।

গত ২৪ আগস্ট ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী- ২০২৭ সালের ১৪ মার্চ এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল। ২২ এপ্রিলের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

এই বিভাগের আরও সংবাদ