খুলনা

জলবায়ু সহনশীল খুলনা গড়তে ২০৫০ সালের নগর পরিকল্পনায় মতামত নিচ্ছে কেসিসি

আহছানুল আমীন জর্জ, খুলনা ব্যুরো প্রধান : ২০৫০ সালের খুলনা নগরীকে কেমন দেখতে চান নগরবাসী? নগরীর উন্নয়ন পরিকল্পনায় কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন? এসব বিষয়ে নাগরিকদের মতামত জানতে জরিপ কার্যক্রম শুরু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

জার্মান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কেসিসির বাস্তবায়নাধীন জলবায়ু সহনশীল নগর উন্নয়ন প্রকল্পের আওতায় খুলনার উন্নয়ন কৌশল ও বাস্তবায়ন রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এ পরিকল্পনা প্রণয়নে নগরবাসীর অভিজ্ঞতা, প্রত্যাশা ও প্রস্তাবকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

জরিপের মাধ্যমে ২০৫০ সালের খুলনা নগরীর উন্নয়ন ভাবনা এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনায় নাগরিকদের অগ্রাধিকার সম্পর্কে ধারণা নেওয়া হবে। নগরীর উন্নয়ন কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের পরিকল্পনা তৈরিতে এসব মতামত সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জরিপে অংশগ্রহণ সম্পূর্ণ স্বেচ্ছামূলক। এতে অংশ নিতে নাম, ফোন নম্বর বা ই-মেইল ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই। অন্য কারও সহায়তায় ফরম পূরণ করা হলেও উত্তরগুলো সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব মতামতের ভিত্তিতে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জরিপ কার্যক্রম আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে আগ্রহী খুলনাবাসীকে জরিপে অংশ নিয়ে নগরীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ