কিশোরগঞ্জ

সৌদি আরবে দুর্ঘটনায় কটিয়াদীর ফয়সালের মৃত্যু, মরদেহ ফেরত চায় পরিবার

সোহাগ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সৌদি আরবের মক্কায় কর্মস্থলে দুর্ঘটনায় নিহত হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার প্রবাসী ফয়সাল মিয়া (৩০)।

ছয়তলা ভবন থেকে কাঠের তক্তা মাথায় পড়ে গুরুতর আহত হওয়ার পর দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।

নিহত ফয়সাল কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নামা বোয়ালিয়া এলাকার মৃত মো. চান মিয়ার ছেলে। তিনি প্রায় ১৪ বছর ধরে সৌদি আরবের মক্কায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর কর্মস্থলে দুর্ঘটনার শিকার হন ফয়সাল। ছয়তলা ভবনের ওপর থেকে একটি কাঠের তক্তা তাঁর মাথায় পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে দুই দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর ১০ অক্টোবর দুপুরে তাঁর মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা।

ফয়সালের বড় ভাই মো. সজল মিয়া জানান, পাঁচ ভাইয়ের মধ্যে ফয়সাল ছিলেন সবার ছোট। দুর্ঘটনার আগের রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। এ সময় ১০ থেকে ১৫ দিনের মধ্যে দেশে ফেরার কথা জানান। আগামী মাসের ৬ তারিখে তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হলো না, ফিরতে হচ্ছে মরদেহ হয়ে।

সজল মিয়া বলেন, পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁর স্ত্রী ও দুই সন্তানসহ স্বজনেরা দিশেহারা হয়ে পড়েছেন। ফয়সালের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চান তাঁরা। পাশাপাশি তাঁর মা, স্ত্রী ও সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে আর্থিক সহায়তারও দাবি জানান তিনি।

এ বিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ বলেন, প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। তবে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়টি সংশ্লিষ্ট প্রক্রিয়া ও পরিস্থিতির ওপর নির্ভর করবে।

এই বিভাগের আরও সংবাদ