ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ‘আর্ট ক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শুভ মহালয়া ও শারদীয় উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ‘আর্ট ক্যাম্প ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের পূর্ব পাইকপাড়াস্থ রাম ঠাকুর ক্লাব সংলগ্ন ‘শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমে’ আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আয়োজন করা হয়।‘শিল্পরাজ্য আর্ট স্কুল’ ও ‘ডট আর্ট গ্রুপ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক শিশু-কিশোর অংশ নেয়।

প্রতিযোগিতায় খুদে শিল্পীরা ক্যানভাসে শারদীয় উৎসবের রং ও আবহ ফুটিয়ে তোলে। একই সঙ্গে গুণী শিল্পীদের অংশগ্রহণে পরিচালিত হয় বিশেষ আর্ট ক্যাম্প।

অনুষ্ঠান শেষে আয়োজিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সময় টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান উজ্জ্বল চক্রবর্তী, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি প্রকাশ দাস, রাম ঠাকুর ক্লাবের সাধারণ সম্পাদক অসীম দেব, শিল্পরাজ্য আর্ট স্কুলের পরিচালক দীপ্ত মোদক, শিক্ষক রাজীব রায় ও অনিক পালসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মননশীলতা বিকাশে চিত্রাঙ্কন প্রতিযোগিতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহালয়ার বিশেষ এই দিনে আর্ট ক্যাম্পের মাধ্যমে শিশুরা দেবী দুর্গার স্বরূপ আঁকার মধ্য দিয়ে মেধা ও শক্তির দেবীকে নিজেদের মনে ধারণ করার শিক্ষা পাচ্ছে, যা তাদের আনন্দ উৎসবকে আরও বাড়িয়ে দিয়েছে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই বিভাগের আরও সংবাদ