অর্থনীতি

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, দেশে কত?

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক লাফে ১ শতাংশের বেশি বেড়েছে। তেলের বাজারে দরপতন, মার্কিন ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন করে তৈরি হওয়া প্রত্যাশার মধ্যে মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে। শুক্রবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ঊর্ধ্বমুখী ছিল।

বাংলাদেশ সময় বেলা ২টা ৪২ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ১৮৯ দশমিক ৯৯ ডলারে। একই সময়ে আগামী ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। তাঁর এ বক্তব্যের পর জ্বালানি বাজারে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় ডলারের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার কমেছে। এসব পরিস্থিতি স্বর্ণের দাম বাড়াতে ভূমিকা রেখেছে।

জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, চলতি মাসে ফেডের সুদের হার অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেড়েছে। এতে ডলার দুর্বল হয়েছে এবং ট্রেজারি বন্ডের মুনাফার হার কমেছে, যা স্বর্ণের দাম বৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করেছে।

শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। এর মধ্যে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৬০ দশমিক ৩৬ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৬৯০ দশমিক ৪৯ ডলার। আর প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ দশমিক ১৮ ডলারে।

এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ৭১৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ