বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধার


বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলায় কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট গভীর থেকে ৬.৭ কেজি ওজনের একটি কষ্টিপাথর বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বাগমারা থানা পুলিশ। পরে গোবিন্দপাড়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগীতায় পাথরটি উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুরপাথার গ্রামের মৃত সাবের আলীর স্ত্রী মৃত মুকি বিবি (১০০)-এর কবর খননের সময় মাটির প্রায় তিন ফুট নিচে শক্ত একটি পাথরের সন্ধান পাওয়া যায়। পরে সেটি মাটি থেকে তুলে আনলে স্থানীয়রা পাথরটি কষ্টিপাথর বলে ধারণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাথরটি উদ্ধার করে। উদ্ধার করা পাথরটির ওজন প্রায় ৬.৭ কেজি বলে জানা গেছে।
এদিকে কবর খননের সময় মাটির গভীর থেকে এমন একটি পাথর পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাথরটি আসলেই কষ্টিপাথর কি না এবং এর প্রকৃত মূল্য বা ঐতিহাসিক কোনো গুরুত্ব রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই ডিএম জহিরুল ইসলাম জানিয়েছেন, উদ্ধার করা পাথরটি তাদের হেফাজতে রয়েছে। বিষয়টি যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



