রাজশাহীর মোহনপুরে পানবরজ থেকে নারীর মরদেহ উদ্ধার


রিপন আলী, নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পান বরজ থেকে ৪২ বছর বয়সী শেফালী বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
তিনি মোহনপুর উপজেলার করিশা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান শেফালী বেগম । ২০ শে নভেম্বর শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির বাইরে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির দরজা বন্ধ থাকলে ও তাঁর মা ঘরে নেই।
পরে আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে মধ্যে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখতে পাই নবাব আলী।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





