দুর্গাপুরে আইনশৃঙ্খলা সভায় মাদকবিরোধী অভিযান ও বাল্যবিবাহ রোধে কঠোর সিদ্ধান্ত


জাহিদুল ইসলাম,দুর্গাপুর(রাজশাহী): রাজশাহীর দুর্গাপুর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য উদ্ধার, মামলা ও গ্রেপ্তার, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় গত সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে দুর্গাপুর থানায় মোট ২১টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচটি মামলা মাদকসংক্রান্ত। এ ছাড়া মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিভিন্ন অভিযান এবং আটক কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।
সভায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ১৮ বছরের কম বয়সী মেয়েদের এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে বাল্যবিবাহসংক্রান্ত যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাদকদ্রব্যের ব্যবহার ও ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া দুর্গাপুর বাজারের যানজট নিরসনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে প্রতি রবিবার ও বুধবার সাপ্তাহিক হাটের দিনে দুর্গাপুর বাজার ব্রিজের ওপর যেন কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়। জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চানন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ তারজিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সারমিন শাপলা।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ গোলাম সাকলায়েন, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সদস্য মোঃ জার্জিস হোসেন সোহেল ও মোঃ জিয়াউল হক রতন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ গোলাম মোরতুজা মৃধাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।





