শুরু হচ্ছে মেসিবিহীন আর্জেন্টিনা যুগ, প্রথম পরীক্ষা বলিভিয়া


টানা দুটি বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ছিল আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে স্পেনের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতে পারেনি তারা। ফলে শিরোপা না ছুঁইয়েই বিদায় নিতে হয় আলবিসেলেস্তেদের। সেসব ভুলে ২০৩০ বিশ্বকাপের মিশনে নামছে আর্জেন্টিনা। যার শুরুটা হচ্ছে বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৬টায় কর্ডোভায় ঘরের মাঠ এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও বলিভিয়া।
বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা ও বলিভিয়ার মধ্যকার এই ম্যাচটি সম্প্রচার করবে না। তবে ম্যাচ চলাকালীন কেবল অপারেটর প্রতিষ্ঠানগুলো সম্প্রচারকারী চ্যানেলটি যুক্ত করতে পারে। আর অনলাইনে স্পোর্টসজিফাই, ক্রিক পিকেসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ম্যাচটি উপভোগ করা যাবে।
২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ফলে তাকে ছাড়াই মাঠে নামবে আর্জেন্টিনা। দলের সেরা তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ লিওনেল স্কালোনিকে।
মেসি ছাড়াও এ ম্যাচে দলের আরও কয়েকজন তারকাকে পাচ্ছেন না স্কালোনি। বিশ্বকাপ শেষে হাতাহাতিতে জড়িয়ে নিষিদ্ধ থাকায় নেই লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা। এর বাইরে অবসর নেওয়ায় নেই অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দি।
অবশ্য এতেও বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি কঠিন হওয়ার কথা নয় আর্জেন্টিনার। কারণ দুই দলের অতীত ইতিহাস। এখন পর্যন্ত ৩৮ ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও বলিভিয়া। যার মধ্যে আলবিসেলেস্তেদের জয় ২৬টি ম্যাচে। বিপরীতে ৭ ম্যাচে জিতেছে বলিভিয়া। আর ৫টি ম্যাচ ড্র হয়েছে।
সাম্প্রতিক সময়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার আধিপত্য আরও বেশি প্রকট। দুই দলের সর্বশেষ খেলা পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০২৪ সালের অক্টোবরে আর্জেন্টিনা জিতেছিল ৬-০ গোলের ব্যবধানে।
মেসিসহ কয়েকজন ফুটবলার না থাকায় নিশ্চিতভাবেই আর্জেন্টিনার একাদশে আসতে যাচ্ছে বড় ধরনের পরিবর্তন। আক্রমণভাগে একসঙ্গে দেখা যেতে পারে দলের দুই অভিজ্ঞ তারকা হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। ডিফেন্সে যোগ হতে পারে নতুন নাম আগুস্তিন জিয়ায়।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে নতুন দায়িত্ব পালন করতে যাচ্ছেন ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। আর্জেন্টিনার আগামী ম্যাচগুলোতে অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নামবেন তিনি।
অন্যদিকে, এই ম্যাচ দিয়েই নতুন দল গঠনের পরীক্ষা-নিরীক্ষা শুরু করতে চান স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, ‘আমরা ভিন্ন উপায়ে খেলার একটি পথ খুঁজে বের করব। এই ম্যাচগুলোর মূল উদ্দেশ্যই হলো নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করা। তবে বলের নিয়ন্ত্রণ বজায় রাখা এখনো আমাদের মূল খেলার ভিত্তি। সেখান থেকে দেখা যাক আমরা কীভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিই।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্টিনেস, আগুস্তিন জিয়ায়, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেস, ক্রিশ্চিয়ান মেদিনা, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফ্রাঙ্কো মাস্তান্তুওনো, নিকো পাজ, হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজ।



