ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


ব্র্যাক ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এখন তোমাদেরকেই এই সিদ্ধান্তটা নিতে হবে যে, কীভাবে তোমরা এই পৃথিবীর জন্য অবদান রাখতে চাও। কারণ জীবনের প্রতিটি যাত্রাই মানুষকে অনন্য করে তোলে।”
তিনি আরো বলেন, “ব্র্যাক মানুষের কাছে যায় এবং মানুষের জন্য কাজ করে- এটাই ব্র্যাকের দর্শন।”
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৎ থেকে সমাজে পরিবর্তন আনার আহ্বান জানান প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে তোমরা স্বাধীনতা ভোগ করবে। কিন্তু স্বাধীনতার সাথে সাথে তোমাদের ওপর অনেক দায়িত্ববোধও এসে পড়বে। কখনোই প্রশ্ন করতে সংকোচ করবে না। শিক্ষা ও ব্যক্তিগত জীবনে সততা বজায় রাখবে। তোমাদের অর্জিত শিক্ষা যেন সমাজে পরিবর্তন আনে সবসময় সেই চেষ্টাটা করবে।”
ট্রেজারার আরিফুল ইসলাম বলেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্র্যাক ইউনিভার্সিটির স্কলারশিপ ও আর্থিক সহায়তা কর্মসূচি অন্যতম সমৃদ্ধ।” তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়াতে এ সেমিস্টার থেকে ক্যাম্পাসভিত্তিক খণ্ডকালীন চাকরির ব্যবস্থা চালু করছে ব্র্যাক ইউনিভার্সিটি।”
রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড বলেন, “এই সেমিস্টার থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে মেডিকেল ফিজিক্স বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালু হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য সম্ভাবনাময় একটি পেশাগত ক্ষেত্র তৈরি করবে।“
অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি অডিও ভিজ্যুয়াল দেখানো হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেসিডেনশিয়াল সেমিস্টার, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা এবং লিডারশিপ টিম নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং গান ও নৃত্য পরিবেশনা করেন মনন ক্লাবের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনের কার্যক্রম, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য বিদ্যমান বিভিন্ন সুবিধা এবং অফিস অব ক্যারিয়ার সার্ভিসেস অ্যান্ড অ্যালামনাই রিলেশনসের মাধ্যমে ক্যারিয়ার পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য ছয়জন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা পাওয়া শিক্ষার্থীরা হলেন- ফার্মেসি বিভাগের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী মো. আখেরুজ্জামান। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রেসক্রিপশন যাচাই প্রযুক্তি উপস্থাপন করে দুবাই ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালস অ্যান্ড টেকনোলজিস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ২০২৬ পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন।
কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী নাভিদ রহমান বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াড ২০২৬ এ চ্যাম্পিয়ন হন। এই প্রতিযোগিতাটি খেলাধুলাসংক্রান্ত জ্ঞান ও বিশ্লেষণভিত্তিক একটি টুর্নামেন্ট।
সম্মাননাপ্রাপ্ত অপর শিক্ষার্থীরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন, তাজওয়ার আহমেদ, শাদিদ আল আকিব এবং রাফিন মো. আবরার। তারা ‘টিম স্ক্যাভেঞ্জার’ এর সদস্য। বিপজ্জনক পরিবেশ পর্যবেক্ষণে সক্ষম তাদের উদ্ভাবিত চার পা বিশিষ্ট রোবটিক সিস্টেম প্রদর্শন করে দলটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আয়োজিত রোবটফেস্ট ২০২৬ এ চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠান শেষে ফার্স্ট ইয়ার অ্যাডভাইজিং টিম (এফওয়াইএটি) এর মেন্টর ও ওরিয়েন্টেশন স্বেচ্ছাসেবকরা নবীন শিক্ষার্থীদের পুরো ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। জনপ্রিয় ব্যান্ড ‘ব্লু জিন্স’ এর কনসার্টের মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টুডেন্ট লাইফের হেড তাহসিনা রহমান।
এই আয়োজন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মধ্যে বিশেষ করে এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) ও এসডিজি-১০ (বৈষম্য হ্রাস) বাস্তবায়নে ব্র্যাক ইউনিভার্সিটির চলমান প্রচেষ্টাকে তুলে ধরে।



