ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাফীদ আদ দ্বীন রাঈম,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদী (Mr. Jalil Rahimi Jahan Abadi)।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, উচ্চশিক্ষা ও গবেষণার বিকাশ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইরানের উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। উভয় দেশের শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করতে ভবিষ্যতে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং বিভিন্ন একাডেমিক প্রজেক্ট চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “ইরান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধন দীর্ঘদিনের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে আমরা আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে বিশ্বাসী। ইরানের রাষ্ট্রদূতের এই সফর এবং আমাদের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আন্তর্জাতিক সেমিনারে তাঁর উপস্থিতি দুই দেশের শিক্ষাবৈচিত্র্য ও পারস্পরিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আমরা আশা করি, ভবিষ্যতে উভয় দেশের শিক্ষক ও গবেষকরা যৌথভাবে কাজ করার মাধ্যমে আরও উপকৃত হবেন।”

ইরানের রাষ্ট্রদূত Mr. Jalil Rahimi Jahan Abadi জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও আধুনিক অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে জবির সঙ্গে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘War in West Asia and World Media: Ethical Accountability and Introspection’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য ইরানের রাষ্ট্রদূত আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগমন করেন। উক্ত সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ