শ্রীনগরে অগ্রণী ব্যাংকের পলাতক অফিসার শরিফুজ্জামান গ্রেফতার


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার গ্রাহকদের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া অফিসার ক্যাশ শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন ডিবি পুলিশ।
শরিফুজ্জামান সোহাগের বাড়ি উত্তরবঙ্গের পঞ্চগড়ে। তিনি অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখায় চাকুরীকালে দুই সন্তানের জননী এক নারীকে দ্বিতীয় বিয়ে করে সংসার পাতেন। অভিযুক্ত শরিফুজ্জামান সোহাগের গ্রেফতারের খবরে ব্যাংকটির ভুক্তভোগী শত শত গ্রাহক স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর অফিসার সোহাগ পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হলে আতঙ্কিত শতশত নারী-পুরুষ গ্রাহক ব্যাংকটির মূল ফটকে ভিড় জমাতে থাকেন। এদিন দুপুরে অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার আমানত লোপাটের খবরে উপজেলা নির্বাহী অফিসার, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর) সার্কেল, শ্রীনগর থানার ওসি, ব্যাংকটির মুন্সীগঞ্জ জেলার ডিজিএম মিজানুর রহমান ছুটে আসেন। নিরাপত্তার স্বার্থে ব্যাংকটিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও র্যাব।
জানা গেছে, শরিফুজ্জামান সোহাগ ব্যাংকের ভিতরেই আরেকটি ব্যাংক চালাতেন। তিনি শাখায় বসেই ১১ শতাংশ সুদ হারে মানুষের কাছ থেকে টাকা নিয়ে একটি ভুয়া এফডিআর স্লিপ ধরিয়ে দিতেন। সর্বোচ্চ ৮৪ লাখ টাকা নেন একজন গ্রাহকের কাছ থেকেই। সোহাগের প্রতারণার শিকার হয়েছেন প্রধানত নারী গ্রাহকরা। প্রবাসী স্বামীর কষ্টার্জিত অর্থ অধিক ও নিশ্চিত মুনাফার আশায় তারা টাকা জমা রেখেছিলেন। শরিফুজ্জামান সোহাগ লাপাত্তার পর ব্যাংক কর্তৃপক্ষ আবেদন চাইলে গত সোমবার পর্যন্ত প্রায় আড়াইশো মানুষ আবেদন করেন। পলাতক শরিফুজ্জামান সোহাগের গ্রেফতারের খবরে ভুক্তভোগী গ্রাহকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।



