জাতীয়

‘বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে কাজ করছে সরকার’

পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে সারা দেশে বাসযোগ্য ও টেকসই নগর গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি।

তিনি বলেন, “ সীমিত আয়ের মানুষের জন্য এক লক্ষ ফ্লাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।আমাদের লক্ষ্য হলো বাংলাদেশে পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করা। এ লক্ষ্যে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশন, জেলা ও গুরুত্বপূর্ণ নগর এলাকায় মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।”

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের আজ বিকেলে বিশ্ব বসতি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির পূর্বে একথা বলেন। র‍্যালিটি জিয়া উদ্যান থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর; সচিব মোঃ ওবায়দুর রহমান; রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম; প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরীসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ; রিহ্যাব ও বিআইপি বিভিন্ন সংস্থার
প্রতিনিধিবৃন্দ।

মন্ত্রী বলেন,“নগরায়ণ যেন অপরিকল্পিতভাবে না হয়, সেজন্য মাস্টারপ্ল্যানের আওতায় আবাসন, সড়ক, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিক অবকাঠামো গড়ে তুলতে হবে। সারা দেশে পরিকল্পিতভাবে নগরায়ণ ও আবাসন ব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”

তিনি বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও মেলায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান

আগামীকাল ০৫ অক্টোবর উদযাপিত হবে বিশ্ব বসতি দিবস ২০২৬। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সকাল ১০.০০ টায় ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি’র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং জাতি সংঘের আবাসিক সমন্বয়ক মিজ ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক (Ms. Carol Flore-Smereczniak)।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের লবিতে ‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উপলক্ষে তিন দিনব্যাপী আবাসন মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মেলায় রিহ্যাব, নির্মাণ খাত, ব্যাংকিং সেবা, রাজউক, স্থাপত্য অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, নগর পরিকল্পনাসহ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা অংশ নেবে। আবাসন, নির্মাণ খাত এবং ব্যাংকিং সেবা পণ্য ও সেবা প্রদর্শনের জন্য মেলায় মোট ১৫৭টি স্টল থাকছে। বিশ্ব বসতি দিবসের আলোচনা অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্তৃক এ মেলার উদ্বোধন করার কথা রয়েছে।

বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত নগরায়ণ ও টেকসই আবাসন বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে আগামীকাল দুপুর ২.৩০ টা থেকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে “On-Site Upgradation of Low-Income Housing: Evidence From Two Case Study Areas of Dhaka”; হাউজ বিল্ডিং রিচার্স ইনিস্টিউটের পক্ষ থেকে “HBRI Housing Model: Advancing Adequate Housing for all in Bangladesh”; বাংলাদেশ ইনিস্টিউটের পক্ষ থেকে “Adequate Housing for All: Rethinking Modes of Housing Provision in achanging World; এবং Habitat for Humanity এর পক্ষ থেকে “Housing for all in Bangladesh Building an Inclusive Affordable and Climate – Resilient Housing System” শীর্ষক উপস্থাপনা অনুষ্ঠিত হবে।

এছাড়া দেশব্যাপী সকল বিভাগ ও জেলা পর্যায়ে দিবসটি উদযাপন করা হবে। এ দিবস উপলক্ষ্যে স্মরণিকা প্রকাশ, টেলিভিশন ও বেতারে বিশেষ টকশো প্রচার এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, পোস্টার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ