পলাশবাড়ীতে তালতলী মসজিদ: কালের সাক্ষী হয়ে আছে মুঘল আমলের স্মৃতিচিহ্ন


পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ফকিরহাট এলাকায় তালতলী জামে মসজিদকে ঘিরে স্থানীয়দের মধ্যে রয়েছে দীর্ঘদিনের নানা স্মৃতি ও জনশ্রুতি। একসময় মসজিদটির পুরোনো স্থাপনায় ছিল গম্বুজের আদল। স্থানীয়দের দাবি, মসজিদটি মুঘল আমলের বলে দীর্ঘদিন ধরে বাপ-দাদার মুখে শুনে আসছেন তারা। তবে এর সুনির্দিষ্ট নির্মাণকাল বা প্রতিষ্ঠার ইতিহাসের লিখিত কোনো দলিল বর্তমানে পাওয়া যায়নি।
স্থানীয় প্রবীণদের ভাষ্য অনুযায়ী, বহু বছর আগে ফকিরহাটের তালতলী এলাকায় ছোট পরিসরে ওই মসজিদটি ছিল। সময়ের সঙ্গে মহল্লার জনসংখ্যা ও মুসল্লির সংখ্যা বাড়তে থাকে। পুরোনো স্থাপনাটি জরাজীর্ণ ও ছোট হয়ে পড়ায় পরবর্তীতে সেটি ভেঙে আধুনিক ভবন নির্মাণ করা হয়। ফলে হারিয়ে যায় পুরোনো মসজিদের স্থাপত্যের অনেক স্মৃতি।
এলাকার ৭৬ বছর বয়সী প্রবীণ শাকোয়াত জানান, তিনি নিজেও মসজিদটির নির্মাণকাল জানেন না। তবে ছোটবেলা থেকেই বাপ-দাদার মুখে এই মসজিদের কথা শুনে আসছেন। তার মতে, পুরোনো মসজিদটির কথা মনে পড়লে আজও নস্টালজিয়ায় ভরে ওঠে মন।
স্থানীয় একটি সূত্র জানায়, মসজিদটির পুরোনো স্থাপত্য ও প্রচলিত ইতিহাস নিয়ে এলাকার একজন অধ্যাপক লেখালেখি করেছেন। সেই লেখার সূত্র ধরেই অনেকে মসজিদটিকে মুঘল আমলের স্থাপনা হিসেবে উল্লেখ করে থাকেন। তবে এর ঐতিহাসিক সময়কাল নিশ্চিত করতে প্রত্নতাত্ত্বিক বা সরকারি কোনো নথি পাওয়া গেছে কি না, তা স্পষ্ট নয়।
ফকিরহাট এলাকার চেয়ারম্যান মাহাবুব বলেন, “ছোটবেলা থেকেই বাব-দাদার মুখে এই মসজিদের কথা শুনে আসছি। তবে কাগজপত্রে এর নির্মাণকাল বা প্রতিষ্ঠার সময় উল্লেখ আছে—এমন কোনো তথ্য আমার জানা নেই।”
ইউপি সদস্য কদ্দুস বলেন, “বাড়ির পাশেই ছোটবেলা থেকে মসজিদটি দেখে আসছি। কিন্তু এটি কখন, কার উদ্যোগে নির্মিত হয়েছিল—সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো ইতিহাস আমাদের কাছে নেই।”
সংরক্ষিত নারী ইউপি সদস্য সামছুনাহার বলেন, “অনেকের কাছেই শুনেছি, মসজিদটি মুঘল আমলের এবং এটি অলৌকিকভাবে সৃষ্টি হয়েছিল। তবে এসব কথার পক্ষে লিখিত প্রমাণ আমার জানা নেই।”
স্থানীয়দের মতে, পুরোনো মসজিদটি ভেঙে নতুন ভবন নির্মাণ করা হলেও এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও জনশ্রুতি এখনো মানুষের মুখে মুখে রয়েছে। ফলে তালতলী জামে মসজিদের প্রকৃত ইতিহাস, নির্মাণকাল ও স্থাপত্যিক বৈশিষ্ট্য অনুসন্ধানে সরকারি নথি, পুরোনো দলিল এবং প্রত্নতাত্ত্বিক গবেষণার প্রয়োজন রয়েছে।
ইতিহাসের নির্ভরযোগ্য দলিল পাওয়া গেলে মসজিদটির প্রকৃত বয়স ও ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। আর তা না হলেও স্থানীয় মানুষের প্রজন্মান্তরের স্মৃতিতে বেঁচে থাকা তালতলী জামে মসজিদটি ফকিরহাট এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশ হয়ে রয়েছে।



