২৩ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকা


চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ২৭ হাজার ১০ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র আরিফ হোসেন জানান, গতকাল বুধবার প্রবাসী আয় এসেছে ৭৬২ কোটি ৬০ লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরের মাসের প্রথম ২৩ দিনে রেমিট্যান্স এসেছিল ২১৬ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে এক দশমিক ৫০ শতাংশ।
চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত) সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে ৮০২ কোটি ২০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৭০৬ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।



