শ্রীনগরে দুর্গাৎসবকে সামনে রেখে প্রতীমা তৈরির ব্যস্ততা

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আসন্ন সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে প্রতীমা তৈরি কাজে ব্যস্ত সময় পাড় করছেন মন্ডপ সংশ্লিষ্টজন ও মৃৎশিল্পীরা। এবার উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন স্থানে মোট ৮৫টি মন্ডপে শারদীয় উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে স্থানীয় পালবাড়ি কিংবা পূজা মন্ডগুলোতে চলছে প্রতীমা তৈরির কর্মযজ্ঞ। মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় প্রন্তুত হচ্ছে একেকটি প্রতিমা। আসছে ১৭ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা।
সরেজমিন ঘুরে দেখা যায়, পূজা মন্ডপে মন্ডপে দেবীদুর্গা প্রতীমা তৈরি ও স্থাপণের বিভিন্ন কাজ করা হচ্ছে। মৃৎশিল্পীদের নিপুন হাতে মাটির কারুকাজে ফুঁটে উঠছে প্রতীমার চিরচেনা রূপ। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, কুমিল্লা থেকেও প্রতীমা তৈরির জন্য অভিজ্ঞ মৃৎশিল্পীরা এই অঞ্চলে আসছেন। বিভিন্ন মন্ডপে চুক্তিতে প্রতীমা প্রস্তুতের কাজ করছেন।
মৃৎশিল্পীরা বলেন, প্রতীমার আকার ও আকৃতি এবং সাজসজ্জার উপর ভিত্তি করে প্রতীমা প্রস্তুতের জন্য মজুরী নেওয়া হচ্ছে। বেশীরভাগ মন্ডপে লাখ টাকার প্রতীমা তৈরি চুক্তি মিলেছে। দুর্গা পূজা শুরুর আগের দিন পর্যন্ত প্রতীমা প্রস্তুতের কাজ করবেন তারা।
শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্ত বলেন, গেল বছর ৮৪টি মন্ডপে শারদীয় দুর্গাৎসব অনুষ্ঠিত হয়। এবার ১টি মন্ডপ বেড়ে মোট ৮৫টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা হবে।
অনুষ্ঠিতব্য দুর্গা পূজা মন্ডপগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এখন প্রতীমা তৈরির নানান কাজ চলমান আছে। তালিকা অনুযায়ী দুর্গা পুজা মন্ডপ কমিটির সংশ্লিষ্টজনদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখা হচ্ছে।



