শ্রীনগরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও বীজ বিক্রির দায়ে জরিমানা


শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার ও বীজ বিক্রি করার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে উপজেলার শ্রীনগর কলেজ গেইট ও শ্রীনগর বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার, শ্রীনগর উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নাসরিন সুলতানা মিলি ও শ্রীনগর থানা পুলিশ সদস্য বৃন্দ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে শেখ ট্রেডার্সের মালিক আতিক হাসানকে ১৫ হাজার টাকা, খান ট্রেডার্সে বীজের প্যাকেটে উৎপাদনের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানটির মালিক সুমন খানকে ২ হাজার টাকা ও সীড স্টোরে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে দোকানের মালিক আবু বকরকে ২ হাজার টাকা জরিমান করা হয়।
মুন্সীগঞ্জ জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।



