রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত-১


সুমন, স্টাফ রিপোর্টারঃ রামপালে জমি সংক্রান্ত বিরোধ ও রাস্তায় বৃষ্টির পানি আটকানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেখ আহাদ আহামেদ ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা-মা গুরুতর আহত হয়েছেন। সোমবার(২১ সেপ্টেম্বর) সকালে বাঁশতলীর ইসলামাবাদ এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত শেখ আহাদ আহামেদ ইতু ইসলামাবাদ গ্রামের ফরিদুজ্জামান বয়াতির ছেলে। আহতরা হলেন, নিহতের বাবা ফরিদুজ্জামান বয়াতি (৬০) ও মা নাজমা বেগম (৪৮)।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ফরিদুজ্জামানের পরিবারের সঙ্গে প্রতিবেশী মাসুম বয়াতি (৫৫) ও বাকি বয়াতির জমিজমা নিয়ে বিরোধ চলছিল।সোমবার সকালে রাস্তায় বৃষ্টির পানি আটকানো নিয়ে বাকবিতন্ডের একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে ইতুসহ তার বাবা ও মা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইতুকে মৃত বলে ঘোষণা করেন। আহত ফরিদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নাজমা বেগম রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।



