শেরপুরে যুবদলের নতুন কমিটি, আনন্দ মিছিলে হাজারো নেতাকর্মী


আরফান আলী, শেরপুর: শেরপুর জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি ঘোষণার পর রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরে বিশাল আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ কমিটি ঘোষণা করে। ঘোষিত কমিটিতে মো. আতাহারুল ইসলাম আতাকে সভাপতি, মবিনুজ্জামান মিল্টনকে সিনিয়র সহসভাপতি, মো. শওকত হোসেনকে সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান মানিককে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এবং হাশেম আহাম্মেদ সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটির অনুমোদন দিয়েছেন।
নতুন কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর রোববার শহরের নিউমার্কেট পায়রা চত্বর থেকে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নবগঠিত জেলা যুবদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য দেন। এ সময় সভাপতি মো. আতাহারুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, সিনিয়র সহসভাপতি মবিনুজ্জামান মিল্টন ও সাংগঠনিক সম্পাদক হাশেম আহাম্মেদ সিদ্দিকীসহ থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন বলেন, শেরপুরের যুবদলকে একটি মডেল যুবদল হিসেবে গড়ে তোলা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত যুবদল গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।





