নওগাঁয় ডিবির জালে পোরশায় দস্যুতার প্রস্তুতিকালে গ্রেফতার-৩


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র, চেইন, প্রায় ২৫ ফুট দড়ি, টর্চলাইট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ডাকাতি, দস্যুতা ও ছিনতাই প্রতিরোধে টহল ও অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে,পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছাকাছি সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছে কয়েকজন ব্যক্তি। ওই এলাকায় তারা কিশোর গ্যাং হিসেবে পরিচিত বলেও পুলিশ দাবি করেছে।
সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল মাটিয়ান্দর সেতুর কাছে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা একটি মোটরসাইকেল ফেলে পাশের জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,দেলোয়ার হোসেন (২৮), পিতা তরিকুল ইসলাম, গ্রাম হলাকান্দর, থানা পত্নীতলা, নওগাঁ; নাইম মাহমুদ (১৯), পিতা মাসুদুর রহমান, গ্রাম ছোট কাটনা, থানা পোরশা, নওগাঁ; এবং মোস্তাকিম (১৯), পিতা মাহবুল সোনার, গ্রাম সমনগর, থানা পোরশা, নওগাঁ।
পুলিশ আরও জানায়, তাদের দেহ তল্লাশি করে দেলোয়ার হোসেনের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও লম্বা হ্যান্ডেলযুক্ত চেইন, নাইম মাহমুদের কাছ থেকে দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে প্রায় ২৫ ফুট লম্বা দড়ি ও একটি ছোট টর্চলাইট উদ্ধার করা হয়। এ ছাড়া দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তারা আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।



