মুন্সিগঞ্জ

শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই দফা ডাকাতি

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাছ ফেলে দুই দফা ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ও ভোর ৫টায় ডাকাতরা উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার উল্টো পাশে এক্সপ্রেসওয়ের গাছ কেটে সড়কে ফেলে এই ডাকাতি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশের সার্ভিস লেনের হাঁসাড়া এলাকায় রাত ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল গাছ কেটে সড়কে ব্যারিকেট তৈরি করে। এ সময় একটি পিকআপ ভ্যান ও দুটি সিএনজি অটোরিক্সা থামিয়ে ডাকাতরা চালক, হেলপার ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয়। খবর পেয়ে রাস্তার পূর্ব পাশে অবস্থিত হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসার আগেই ডাকাতরা পালিয়ে যায়। ভোর ৫টার দিকে একই স্থানে একই কায়দায় ডাকাতরা একটি সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সায় ডাকাতি করে।

এলাকাবাসী আরো জানান, এই স্থানে গত ১ বছরে বিভিন্ন কায়দায় অন্তত ১০ থেকে ১২ বার ডাকাতির ঘটনা ঘটেছে। এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের বিভিন্ন স্থানে রাস্তার পাশে ঘন ঝোপজঙ্গলে আচ্ছন্ন হয়ে পড়েছে। এতে সড়কে ডাকাতি-ছিনতাই করে সংঘবদ্ধ চক্রের সদস্যরা জঙ্গল দিয়ে নিরাপদে পালিয়ে যায়।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা জানান, গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছিল। হাইওয়ে পুলিশ যাওয়ায় ডাকাতি করতে পারেনি।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

এই বিভাগের আরও সংবাদ