জাতীয়

অবসরে যাওয়া চাকরিজীবীদের মধ্যে যারা নতুন পে স্কেলের সুবিধা পাবেন না

জাতীয় বেতনস্কেল, ২০২৬ কার্যকর হয়েছে ১ জুলাই থেকে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে নতুন পে স্কেলের সুবিধা প্রযোজ্য হবে না। বিশেষ করে ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি শেষ হয়েছে এবং ১ জুলাই অবসর নিয়েছেন, তারা নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

নতুন পে স্কেল নিয়ে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর প্রাপ্যতা ও বেতন নির্ধারণের পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। সেখানে অবসর ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, ৩০ জুন ২০২৬ তারিখে যে কর্মচারীর অবসরোত্তর ছুটি শেষ হয়েছে, অর্থাৎ যিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসরে গেছেন, তিনি ১ জুলাই থেকে কার্যকর জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।

তবে ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম রয়েছে। এ ধরনের কর্মচারীর বেতন শুধু পেনশন নির্ধারণের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে।

অবসরোত্তর ছুটির সময়ে কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের জন্য তার বেতনের সঙ্গে যুক্ত হবে। তবে অবসরোত্তর ছুটির সময়ে তিনি যে ছুটির বেতন পাবেন, তা পুরোনো বেতনস্কেলের ভিত্তিতেই দেওয়া হবে।

১ জুলাই থেকেই পুরোনো স্কেল বিলুপ্ত

গেজেট অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখের অব্যবহিত আগে বিদ্যমান পদগুলোর বর্তমান বেতনস্কেল বিলুপ্ত হয়েছে। ওই তারিখ থেকেই বর্তমান বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।

৩০ জুন ২০২৬ তারিখে বা তার আগে কোনো কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল, উচ্চতর গ্রেড, ভিন্ন কোনো গ্রেড বা স্কেল পাচ্ছিলেন, ১ জুলাই থেকে তিনি সেই বর্তমান স্কেলের বিপরীতে নির্ধারিত নতুন অনুরূপ স্কেল পাবেন।

নতুন বেতনস্কেলে ২০টি গ্রেড রাখা হয়েছে। গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২০-এর বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে নতুন বেতন নির্ধারণ হবে

বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কর্মচারীর বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।

কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতনস্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে প্রথমে তার মূল বেতন ও ওই স্কেলের প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য বের করতে হবে। এরপর ওই পার্থক্য নতুন বেতনস্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করতে হবে।

যোগফল নতুন স্কেলের কোনো ধাপের সমান হলে ওই ধাপেই বেতন নির্ধারণ করা হবে। আর সমান কোনো ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।

তবে ১ লাখ ৭২ হাজার, ১ লাখ ৬৪ হাজার এবং গ্রেড-১-এর ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত বেতনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য হবে না।

গেজেটে দেওয়া উদাহরণ অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারী ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে ১ জুলাই থেকে তার বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা নির্ধারণ হবে।

অন্যদিকে, কোনো কর্মচারী বর্তমান বেতনস্কেলে ১৩ হাজার ৭৯০ টাকা মূল বেতন পেলে নতুন বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা।

এর হিসাব হলো, পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৩ হাজার ৭৯০ টাকা বাদ দিলে পার্থক্য দাঁড়ায় ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ ২৫ হাজার টাকার সঙ্গে এই পার্থক্য যোগ করলে হয় ২৬ হাজার ২৯০ টাকা। কিন্তু নতুন স্কেলে ২৬ হাজার ২৯০ টাকার ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপ ২৬ হাজার ৩০০ টাকায় বেতন নির্ধারণ হবে।

পদোন্নতি ও প্রেষণে থাকা কর্মচারীদের নিয়ম

১ জুলাই কোনো কর্মচারী উচ্চতর বেতনস্কেলের পদে পদোন্নতি পেলে প্রথমে নিম্নপদে তার বেতন নির্ধারণ করতে হবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত পদে প্রচলিত বিধিবিধান অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।

প্রেষণে থাকা কর্মচারীর ক্ষেত্রে প্রেষণে না থাকলে নিজ মূল অফিস বা প্রতিষ্ঠানে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই ভিত্তিতে নতুন বেতনস্কেলে তার বেতন নির্ধারণ করতে হবে।

ছুটিতে থাকলেও বেতন নির্ধারণ হবে

১ জুলাই কোনো কর্মচারী ছুটিতে থাকলে তার বর্তমান বেতন অথবা ওই তারিখে ছুটিতে না থাকলে যে বেতন পেতেন, সেই ভিত্তিতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ বেতন নির্ধারণ করা হবে। তবে নতুন স্কেলের কারণে সৃষ্ট আর্থিক সুবিধা ছুটির সময়ের জন্য প্রাপ্য হবে না।

সাময়িক বরখাস্তদের ক্ষেত্রে আলাদা বিধান

১ জুলাই কোনো কর্মচারী সাময়িকভাবে বরখাস্ত থাকলে পুনর্বহাল হয়ে বাস্তবে কাজে যোগ না দেওয়া পর্যন্ত তার বেতন নতুন স্কেলে নির্ধারণ করা হবে না।

পরে পুনর্বহাল হলে প্রথমে ৩০ জুন ২০২৬ তারিখে বর্তমান বেতনস্কেলে তার বেতন নির্ধারণ করতে হবে। এরপর সেই বেতনের ভিত্তিতে নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে বেতন নির্ধারণ করা হবে।

অর্থাৎ, নতুন পে স্কেলে ১ জুলাই অবসর নেওয়া এবং ওই তারিখে অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে। ৩০ জুন অবসরোত্তর ছুটি শেষ করে ১ জুলাই অবসর নেওয়া কর্মচারীরা নতুন পে স্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না। অন্যদিকে, ১ জুলাই অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের ক্ষেত্রে নতুন স্কেল শুধু পেনশন নির্ধারণে বিবেচনায় নেওয়া হবে।

এই বিভাগের আরও সংবাদ