নওগাঁয় ডিবির বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ আটক ৩


মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সরাইগাছী-আড্ডা সড়কের পাশে একটি আমবাগানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বুধবার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি অভিযানিক দল পোরশা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, সরাইগাছী-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
পরে ডিবির অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং শিবগঞ্জ থানার তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
পুলিশের উপস্থিতিতে ও স্থানীয় লোকজনের সামনে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা তল্লাশি করা হয়। এ সময় খাকি রঙের কচ/কস্টেপ দিয়ে মোড়ানো দুটি পোটলায় ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম এবং নীল পলিথিনে মোড়ানো তিনটি পোটলায় ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে পাঁচটি পোটলা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছে, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ থেকে সিএনজিযোগে গাঁজা নিয়ে এসে আমবাগানের সামনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
পুলিশ জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূল ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশ সর্বাত্মক তৎপর রয়েছে।



