আজ থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


ঢাকার আশুলিয়া, সাভার ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় আজ শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় গ্যাসের পাইপলাইন স্থানান্তরের কাজ করতে এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় আশুলিয়া বাজার থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশ, ঢাকা ইপিজেড, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, মালঞ্চ পাওয়ার প্লান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনীসহ বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, নয়ারহাট, পল্লীবিদ্যুৎ, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও আশপাশের এলাকাও এ তালিকায় রয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত এলাকার সংলগ্ন স্থানগুলোতেও এ সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।



