ক্যাম্পাস

বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে ২০২৬’ অনুষ্ঠিত

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (BU) স্থায়ী ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্যামিলি ডে ২০২৬’।

সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। কর্মক্ষেত্রের আনুষ্ঠানিকতার বাইরে সবাই মেতে ওঠেন আনন্দ ও বিনোদনের নানা আয়োজনে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ইঞ্জি: এম এ গোলাম দস্তগীর, বিইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো: মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, পরিচালক (পিআর) সোহেল আহসান নিপু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে ছিল ফান অ্যান্ড ফ্রেন্ডলি শর্টপিচ ক্রিকেট ম্যাচ, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুট, হাঁড়ি ভাঙা, ক্যারাম প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজনই পরিণত হয় আনন্দ ও উচ্ছ্বাসের উপলক্ষে।

অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সবার একটি পরিবার। একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু একাডেমিক কার্যক্রম নয়, এর সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ডে’র মতো আয়োজন আমাদের সেই পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি বলেন, কর্মব্যস্ততার বাইরে আমরা যখন সবাই একসঙ্গে আনন্দ করি, তখন পারস্পরিক দূরত্ব কমে এবং সহকর্মীদের মধ্যে আন্তরিকতা ও সম্প্রীতি বাড়ে। এর ইতিবাচক প্রভাব কর্মক্ষেত্রেও পড়ে। আমি আশা করি, আজকের এই আয়োজন আমাদের প্রত্যেককে নতুন উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ ইউনিভার্সিটির অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

ফ্যামিলি ডে উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। অনেকের মধ্যে দেখা যায় প্রতিযোগিতামূলক উচ্ছ্বাস, আবার কোথাও সহকর্মীদের উৎসাহ ও করতালিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

দিনব্যাপী এ আয়োজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। একই সঙ্গে কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দলগত চেতনা আরও জোরদার করার ক্ষেত্রে ‘ফ্যামিলি ডে ২০২৬’ একটি আনন্দঘন ও স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত সবার মধ্যে সাড়া ফেলে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই বিভাগের আরও সংবাদ