বাগেরহাট

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে বাগেরহাটে মন্ত্রীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার:বাগেরহাট জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশে যেন ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে না পারে। কোনো মা কিংবা আত্মীয়-স্বজনকে যেন প্রিয়জনের ফিরে আসার প্রতীক্ষায় জায়নামাজে বসে কান্না করতে না হয়। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীরা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ