মুন্সিগঞ্জ

সিরাজদিখানে নোংরা পরিবেশে বেকারির খাবার তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক ও পাউরুটি তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিন প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তালুকদার ফুডস বেকারিতে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এসব খাদ্যপণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা হচ্ছিল না। এ অপরাধে বেকারিটির ম্যানেজার আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরির নির্দেশ দেওয়া হয়।

পরে রাম কৃষ্ণ ভান্ডারে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক রাম কৃষ্ণ দাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাকে দোকানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া মাহিয়া ফাতিহা ফল স্টোরে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানটির মালিক সিজান মাহমুদকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। তাকেও ফলের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও সিরাজদিখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও সংবাদ