Uncategorized

গৌরীপুরে ভিনগোলার্ধের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে নিমের চারা বিতরণ

‘গাছ লাগাও, পরিবেশ বাঁচাও’-এই স্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে নিম গাছের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ভিনগোলার্ধ। রোববার (১৩ সেপ্টেম্বর) গৌরীপুর পৌর সদরে অবস্থিত গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

কর্মসূচিতে ভিনগোলার্ধের গৌরীপুর উপজেলা শাখার সমন্বয়ক মো. হারুন মিয়ার সভাপতিত্বে এবং পরিবেশবিষয়ক সম্পাদক শংকর ঘোষ পিলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বৃক্ষবন্ধু নামে পরিচিত এনামুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বলেন, ভিনগোলার্ধ সংগঠনের উদ্যোগে আজকের এই আয়োজনে একজন বৃক্ষপ্রেমী হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত।

তিনি বলেন, পরিবেশের জন্য নিমগাছ একটি উপকারী বৃক্ষ। আমি সবসময় বিভিন্ন গ্রাম এবং উপজেলায় নিজ অর্থায়নে গাছ রোপণ করি। আমি মনে করি, সবাইকে নিজ নিজ জায়গা থেকে পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। আমি সকল শিক্ষার্থীকে বলব, আপনারা গাছের পরিচর্যা করবেন এবং বেশি করে গাছ লাগাবেন।

ভিনগোলার্ধের গৌরীপুর শাখার সমন্বয়ক মো. হারুন মিয়া বলেন, নিমগাছকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উনিশ শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছে। নিমগাছের অনেক গুণাগুণ রয়েছে। বিশুদ্ধ অক্সিজেন এবং পরিবেশের জন্য নিমগাছের ভূমিকা অপরিসীম। নিমগাছ চিকিৎসাবিজ্ঞানে এখনো একটি কার্যকরী ওষুধ।

তিনি আরও বলেন, আমরা অন্যান্য গাছের পাশাপাশি সবাই নিমগাছ লাগাব, বাড়ির পাশে।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা তাসনিম আসফি বলেন, পরিবেশের জন্য নিমগাছ একটি উপকারী গাছ। আর এই সংগঠনের বক্তব্য শুনে নিমগাছ সম্পর্কে আমাদের অনেক কিছু জানা হলো। ভিনগোলার্ধ সংগঠনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান, শিক্ষক ও গৌরীপুর লেখক সংঘের সভাপতি পলাশ মাজহার এবং বিজয় কম্পিউটারের স্বত্বাধিকারী তৌহিদুল আমিন তুহিন।

উল্লেখ্য, ভিনগোলার্ধ সংগঠনটি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে নিয়োজিত। এর আগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, রিকশাচালকদের ‘পড়শী ডাকতে’ আহ্বান এবং নির্মাণশ্রমিকদের ‘পরাণ ডাকতে’ আহ্বান জানিয়ে গৌরীপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। এছাড়াও মানুষকে বইমুখী করতে সংগঠনটির কার্যক্রম চলমান রয়েছে।

গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নিমগাছের চারা বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি ও লেখক নূর মোহাম্মদ শাফি, গৌরীপুর সরকারি কলেজের শিক্ষার্থী তানজিদ হাসান সৌরভ, শেখ মোহাম্মদ সৌরভ, আফ্রিদি হাসান নিরব, মো. সবুজ মিয়া, মো. আরাফাত হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও সংবাদ