মুন্সিগঞ্জ

শ্রীনগরে অগ্নিকান্ডের ঘটনায় দোকান পুড়ে ছাই

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের পূর্ব কামারখোলা খালপাড় ট্রেইলার্সসহ থাকার ঘর পুড়ে গেছে। এই অগ্নিকান্ডের ঘটনায় পাশে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে।

এঘটনায় ওই এলাকার মো. আবুল শেখের পুত্র মোতালেব শেখের মালিকানা টিন ও কাঠের তৈরি দোকান ও থাকার ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এলাকাবাসী জানায়, পাটাভোগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব কামারখোলা বাজারে মোতালেব শেখের জামাতার ট্রেইলার্স ও কাপড়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় পাশে থাকা একটি মসজিদের ফ্যান ও মাইকও ক্ষতিগ্রস্ত হয়। ভুক্তভোগী দোকানী সূত্রে জানা গেছে, কাপড়ের দোকান ঘরসহ ৪টি সেলাই মেশিন, ফ্রিজ, বিভিন্ন মালামালসহ আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. সুহেল রানা জানান, স্থানীয়দের সহযোগীতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কাপড়ের দোকানে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ