ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকাল ৬টা ২১ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৬২-৬০৩৬) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে।
খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল চালক হৃদয়কে উদ্ধার করে। তবে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত হৃদয় দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার রসুলপুর, আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা। তাঁর মায়ের নাম কাজল রেখা।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সাজ্জাদ আহত হন। তাঁর বাবার নাম রবিউল আউয়াল। তিনি সিরাজদিখানের উত্তর ঘোড়ামারা এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নিহতের মরদেহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলযোগে মাওয়া ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় কুচিয়ামোড়া ব্রিজের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হৃদয় সৌদি আরব প্রবাসী ছিলেন। প্রায় চার মাস আগে ছুটিতে তিনি দেশে এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের বাবা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে মোটরসাইকেল চালক ও আরোহীদের নির্ধারিত গতিসীমা মেনে চলা, হেলমেট ব্যবহার এবং সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।



