আন্তর্জাতিক

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে ১,১৯৬ জন বিদেশি আটক

মো:নুরুল ইসলাম সুজন, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল ৯ সেপ্টেম্বর, একযোগে দেশের ৪টি শিল্পাঞ্চল বা ফ্যাক্টরি এলাকায় চিরুনি অভিযান চালিয়ে এক হাজার একশ ৯৬ জন বিদেশি কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসী ও নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এবার স্মরণকালের সবচেয়ে বড় অ্যাকশনে নেমেছে দেশটির অভিবাসন বিভাগ বা জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া। বুধবার, ৯ই সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল থেকে দেশজুড়ে চিহ্নিত ৪০টি কারখানায় একযোগে চালানো হয় এই সাঁড়াশি অভিযান।

অভিবাসন বিভাগের ৭শ ১৫ জন কর্মকর্তার সাথে এই বিশেষ অভিযানে অংশ নেয় রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ ও দেশটির সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে একযোগে এই কারখানাগুলোতে হানা দেওয়া হয়।

অভিযানের সময় মোট ২ হাজার একশ ৫৯ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে বৈধ কাগজপত্র না থাকায়, ভিসার মেয়াদ শেষ হওয়া এবং পাসের শর্ত ভঙ্গের অভিযোগে আটক করা হয় ১ হাজার একশ ৯৬ জনকে। জিম জানিয়েছে, আটককৃতদের বয়স ১৮ থেকে ৬৩ বছরের মধ্যে। যার মধ্যে ৯শ ৪৬ জন পুরুষ এবং ২৫০ জন নারী রয়েছেন। আটককৃতদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, পাকিস্তান, ভারত ও নেপালের নাগরিক রয়েছেন। তবে সুনির্দিষ্টভাবে বাংলাদেশি কতজন, তা এখনও প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ।

শুধু বিদেশি কর্মীই নয়, অবৈধ অভিবাসীদের কাজ দেওয়া এবং আশ্রয় দেওয়ার অপরাধে ৩৭ জন মালয়েশিয়ান নাগরিক ও নিয়োগকর্তাকে তদন্তের স্বার্থে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আটককৃতদের সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়া ও তদন্তের জন্য বর্তমানে ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, কোনোভাবেই দেশের মাটিতে অবৈধদের বরদাশত করা হবে না। ফলে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সব সময় বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের আরও সংবাদ