ইরানের বিরুদ্ধে যুদ্ধে জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প


ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন ট্রাম্প। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভাষণে যুক্তরাষ্ট্রের জনজীবনে যুদ্ধের প্রভাব অস্বীকার করেন ট্রাম্প। বরং জীবনযাত্রার ব্যয় বাড়ার জন্য আগের প্রশাসনগুলোর পরিবেশবান্ধব নীতিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, বর্তমান প্রশাসন দ্রুত খাদ্যসহ প্রায় সব পণ্যের দাম কমিয়ে এনেছে।
তেলের দাম নিয়েও আশাবাদ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হওয়ার পরপরই তেলের দাম কমে যাবে।
ট্রাম্প বলেন, ‘আমরা যুদ্ধে জিতব। আমরা জিতছি। হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে।’
ইরান ও ওমান উপসাগরের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ এই জলপথটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ করার প্রস্তাবও দেন তিনি। এ বিষয়ে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব নিশ্চয়ই এমন নামকরণে ‘খুব খুশি’ হবে।
ইরানকে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের ‘দাদাগিরি করা দেশ’ হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। তার দাবি, গত ৫১ বছর ধরে ইরান এ ভূমিকা পালন করলেও এখন আর তারা সেই অবস্থানে নেই।
তবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের দাবির পক্ষে তার ভাষণে বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ তুলে ধরা হয়নি।



