নওগাঁ

নওগাঁয় চুরি মোটরসাইকেল ডিবির অভিযানে রংপুরে উদ্ধার

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি: বিয়ের দাওয়াতে গিয়ে বাড়ির বাইরে রাখা ইয়ামাহা R15 মোটরসাইকেল হারিয়ে বিপাকে পড়েছিলেন এক যুবক। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত অভিযানে নামে নওগাঁ জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরি যাওয়া মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে রাতভর অভিযান চালিয়ে সেটি উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় কথিত চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন রংপুরের মিঠাপুকুর থানার শীতলগাড়ী নয়াপাড়া গ্রামের উত্তম কুমারের ছেলে শ্যাম কুমার (২২) এবং পীরগঞ্জ থানার লালদিঘী আরিজপুর গ্রামের তোজাম্মেল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম (৪১)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ২০২৬ বিকেল ৩টার দিকে ফুয়াদ নামের এক ব্যক্তি বদলগাছি থানাধীন শ্রীকৃষ্ণপুর এলাকায় হামিদুল নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের দাওয়াতে যান। সেখানে বাড়ির বাইরে তার ইয়ামাহা R15 মোটরসাইকেলটি রেখে তিনি দাওয়াতে অংশ নেন।

কিছুক্ষণ পর বাইরে এসে দেখেন, মোটরসাইকেলটি নেই।ঘটনাটি জানার পর নওগাঁর পুলিশ সুপার দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছি থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। একই সঙ্গে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও জড়িতদের শনাক্ত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এরপর তথ্যপ্রযুক্তির বিভিন্ন দিক বিশ্লেষণ করে মোটরসাইকেলটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখা ও বদলগাছি থানার একটি বিশেষ দল রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ৪ সেপ্টেম্বর ২০২৬ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার শহিদুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যাম কুমারের হেফাজত থেকে চুরি যাওয়া ইয়ামাহা R15 মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, চুরি করা মোটরসাইকেল কোথায় কোথায় সরবরাহ করা হতো এবং এ ধরনের আরও কোনো ঘটনায় তাদের সম্পৃক্ততা রয়েছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেফতার দুই আসামিকে রংপুর থেকে নওগাঁয় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই বিভাগের আরও সংবাদ