ঢাকা

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঘরটি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দুর্গন্ধ তীব্র আকার ধারণ করলে এলাকাবাসীর সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে স্বামী, স্ত্রী ও তাদের নবজাতক সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহত পুরুষের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ