বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ১০


বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫৮ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানান, আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কার মতে, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।
জাস্টিনিয়ানো ফেসবুকে জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সামরিক ঘাঁটির যে এলাকায় আতশবাজি রাখা ছিল, সেখানেই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য।
বিস্ফোরণের পর ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটির দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক ঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে।
ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা করছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্র ধাক্কায় আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরক রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। এতে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।
তাই স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে



