জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা আরাগচির


বেশ কয়েক দিন ধরে উত্তেজনার মধ্যেই ইরানের নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার ইস্যুতে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মন্তব্যের কড়া সমালোচনা করেছেন আব্বাস আরাগচি। তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী কোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আগে তেহরানের কতক্ষণ অপেক্ষা করতে হবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরবি ভাষায় এক্সে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি দাবি করেছিলেন, ওয়াশিংটনের হামলার দুই ঘণ্টার মধ্যেই ইরান জর্ডান ও ওই অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালিয়েছিল। তাই ইরানের এই হামলাকে কোনোভাবেই পাল্টা ব্যবস্থা হিসেবে গণ্য করা যায় না।
আরাগচি এই যুক্তি প্রত্যাখ্যান করেন এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলার সময় আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহারের বিষয়টি তুলে ধরেন। আরাগচি প্রশ্ন রাখেন, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর মতে, এমন কোনো আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার আগে ইরানের আর কতক্ষণ অপেক্ষা করা উচিত। আগ্রাসী আরব রাষ্ট্র কিংবা ইরান কারও সার্বভৌমত্বেরই তোয়াক্কা করে না?
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সাফাদি কি সত্যিই জানেন না, যুক্তরাষ্ট্রের সেই প্রাথমিক হামলাগুলোর সময় আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়েছিল, যার ফলে নিরীহ ইরানিরা প্রাণ হারিয়েছিলেন?
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।



