কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত বাসটি গড়াই পরিবহনের। বাসটির নম্বর কুষ্টিয়া-ব-১১০০৫৭।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে খুলনার উদ্দেশে যাওয়া গড়াই পরিবহনের যাত্রীবাহী বাসটি কেয়াবাগান এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা খুলে যায় বলে তারা দেখতে পান। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে কী কারণে চাকাটি খুলে গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনায় বাসটির সামনের গ্লাসসহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়দের কাছ থেকে অন্তত ২০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেলেও অনেক আহত ব্যক্তি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে যশোরসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। ফলে আহতের প্রকৃত সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দিপু বিশ্বাস বলেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর ছিল বলে জানান তিনি। তবে ওই রোগীদের পরবর্তীতে অন্য কোনো হাসপাতালে পাঠানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেননি তিনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শিশির সানা বলেন, সকালে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত সাতজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তিনি বলেন, আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তবে শাবানা খাতুন (৩২) ও মাসুদ রানা (২৯) নামে দুজনের অবস্থা তুলনামূলক গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।



