কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার


নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মিছিল ও বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কালীগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের ইকলাছুর রহমানের ছেলে তাজিম হোসেন (২৬)। তিনি চাপরাইল কলেজ ছাত্রলীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ। অপর দুজন হলেন কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া নদীপাড়ার রিপন মিয়ার ছেলে রিফাত মিয়া (২৫), যিনি পৌর ছাত্রলীগের সহসভাপতি বলে পুলিশ জানিয়েছে এবং একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে রমজান আলী (৩৮), যিনি সাবেক ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



