পুতিন ‘ব্যক্তিগতভাবে আরও যুদ্ধ চান’, দাবি জেলেনস্কির


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি দাবি করেছেন, পঞ্চম বছরে গড়ানো রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ব্যক্তিগতভাবে’ আগ্রহী। সোমবার (৩১ আগস্ট) দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন। খবর আনাদোলু এজেন্সির।
তিনি বলেন, ‘আপাতত, দুর্ভাগ্যবশত—আমাদের এবং আমাদের অংশীদারদের উভয় পক্ষেরই গোয়েন্দা তথ্য এবং রাশিয়া থেকে আসা সমস্ত সংকেত ইঙ্গিত করে যে রুশ নেতা ব্যক্তিগতভাবে আরও যুদ্ধ চান।’
জেলেনস্কি জানান, রুশ পক্ষের সঙ্গে বৈঠক ও পরবর্তী যোগাযোগ এবং ইউক্রেনে তাদের সম্ভাব্য সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একটি ফোনালাপ করেছেন।
তিনি বলেন, ‘রাশিয়াকে যুদ্ধ বন্ধের দিকে এগিয়ে যেতে উৎসাহিত করতে কী করা যেতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি। পুতিনের মধ্যে সঠিক মানসিকতা থাকা প্রয়োজন। যুদ্ধ চালিয়ে যাওয়ার নয়, যুদ্ধ বন্ধের মানসিকতা।’
তিনি আরও বলেন, ‘মার্কিন প্রেসিডেন্টের প্রতিনিধিরা কী অর্জন করতে পারেন তা আমরা দেখব। সেপ্টেম্বর মাস অনেক কিছু বদলে দিতে পারে।’



