শেরপুর

শেরপুরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, পুলিশের অভিযানে আলামত জব্দ

আরফান আলী, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ বিভিন্ন আলামত জব্দ করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা এলাকার ফরহাদের বাড়ির পেছনে ফুলহারি নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুলহারি এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ওই এলাকায় তিনটি জবাই করা ঘোড়ার মাংস এবং আরও তিনটি জীবিত ঘোড়া বাঁধা অবস্থায় দেখতে পান। পরে মানুষের উপস্থিতি টের পেয়ে কথিত কারবারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, তথ্য পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ঘোড়ার মাংসের আলামত পাওয়া যায় এবং নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে বাঁধা অবস্থায় কোনো ঘোড়া পাওয়া যায়নি। পুলিশ পৌঁছানোর আগেই কারবারিরা পালিয়ে গেছে।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি অধিকতর তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে। তাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তরা কারা এবং ঘোড়ার মাংস কোথায় বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও সংবাদ