নওগাঁ

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন এমপি রেজাউল ইসলাম

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বৈকাল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজুর ব্যক্তিগত উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে উপজেলায় সর্বমোট ১০১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে অংশ নেন। সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. রেজাউল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের এই কৃতিত্ব শুধুমাত্র তোমাদের নিজের বা পরিবারের নয়, পুরো আত্রাই এবং নওগাঁবাসীর জন্য গর্বের। আজ তোমরা যে সাফল্যের সিঁড়ি অতিক্রম করেছ, সামনে আরো বড় চ্যালেঞ্জ তোমাদের জন্য অপেক্ষা করছে। দেশের উন্নয়নে দেশ গড়তে তোমাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

​তিনি আরও বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। মানসম্মত শিক্ষার মাধ্যমেই একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করানো সম্ভব। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আমি সর্বদা তোমাদের পাশে আছি, আমাদের এলাকার ছেলে-মেয়েরা যেন শিক্ষার সব ধরণের সুযোগ-সুবিধা পায় তার জন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমি এই কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং তাদের এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।

​এসময় বক্তব্য রাখেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ।

​আত্রাই উপজেলার শিক্ষা ব্যবস্থা ও কৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে এমপি মো. রেজাউল ইসলাম এমন উদ্যোগ গ্রহণ করায় বিষয়টি স্থানীয় পর্যায়ে বেশ প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরাও এমপির কাছ থেকে সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক বক্তব্য পেয়ে অত্যন্ত আনন্দিত ও অনুপ্রাণিত।

এই বিভাগের আরও সংবাদ