শেরপুরে দুপুরে নিখোঁজ, ভোর রাতে পুকুরে ভাসল দুই কিশোরের মরদেহ


আরফান আলী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই কিশোরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। নিহত রোহান একই এলাকার হজরত আলী, ইসমাইল এবাদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় রোহান ও ইসমাইল। দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসী জানান, দুই কিশোর মাঝেমধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামত। তারা ভালোভাবে সাঁতার জানত না। নিখোঁজের পর থেকেই স্বজনদের ধারণা ছিল, মাছ ধরতে গিয়ে তারা পানিতে তলিয়ে যেতে পারে।
অবশেষে সোমবার ভোররাতে মধ্য নাকশী এলাকার নাকশী বড় পুকুরে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি তাদের পরিবারের সদস্য ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনায় দুই কিশোরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পুরো মধ্য নাকশী এলাকায় ছড়িয়ে পড়েছে শোকের মাতম।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



