ঝিনাইদহ

তত্ত্বিপুর বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনর্নির্বাচিত হোসেন আলী

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্ত্বিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন পাঁচকাহুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হোসেন আলী।

রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নবনির্বাচিত সভাপতি হোসেন আলীকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বের হোসেন বিশ্বাসসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হোসেন আলী বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বিদ্যালয়টিকে আরও এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবাশ্বের হোসেন বিশ্বাস বলেন, “হোসেন আলী স্যার এর আগেও বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা ও সহযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আশা করি, এবারও তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।”
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগের আরও সংবাদ