জাতীয়

কৃষি, মৎস্য ও প্রণিসম্পদ খাতে আধুনিকায়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চাইলেন মন্ত্রী

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা চেয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার ১১ আগস্ট ২০২৬ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে U.S.-Bangladesh Business Council-এর নির্বাহী প্রতিনিধিদলের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মাটি, আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান কৃষি উৎপাদনের জন্য অত্যন্ত অনুকূল। আধুনিক প্রযুক্তি ও কারিগরি জ্ঞান কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। সয়াবিনের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, দেশের চর ও দ্বীপাঞ্চলে সয়াবিন চাষ সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় উৎপাদন বাড়ানো সম্ভব। এজন্য উন্নত প্রযুক্তি ও কারিগরি সহায়তা প্রয়োজন। প্রাণিসম্পদ খাতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের ঘাস উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ ও রোগ প্রতিরোধে সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, দেশে একটি সার্টিফায়েড অর্গানিক ফার্ম প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে USDA সার্টিফায়েড অর্গানিক খাদ্য রপ্তানির লক্ষ্যেও কাজ করা হচ্ছে।

মতবিনিময়কালে U.S.-Bangladesh Business Council-এর প্রতিনিধিরা বাংলাদেশে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ, প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশ সরকারের সাথে গঠনমূলক ও দায়িত্বশীল অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহের কথা ব্যক্ত করেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত Atul Keshap; মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া বিষয়ক নির্বাহী পরিচালক Kevin Roepke, ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের বাংলাদেশ কান্ট্রি টিম লিড খবিবুর রহমানসহ কাউন্সিলের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ