সুন্দরবনে বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আটক, অস্ত্র গুলি ও জিম্মি জেলে উদ্ধার


সুমন,স্টাফ রিপোর্টারঃ পৃথক অভিযানে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আটক, অস্ত্র-গোলাবারুদ ও জিম্মি জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২৯ নভেম্বর) বিকালে নির্বাহী কর্মকর্তা কোস্ট গার্ড পশ্চিম জোন’র লেঃ এম এইচ রিফাত এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনী সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খাল সংলগ্ন এলাকায় একজন জেলেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি কাঠের নৌকা এবং ডাকাতের কাছে জিম্মি থাকা একজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার( ২৯ নভেম্বর) মধ্যরাত ১ টায় সুন্দরবন সংলগ্ন মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫) কে আটক করা হয়। আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকা হতে ২ টি দেশীয় ওয়ান শুটার ও ৩ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বনদস্যু প্রধানকে গত ১২ নভেম্বর ২০২৪ সালে কোস্ট গার্ড কর্তৃক আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরবর্তীতে, জামিনে মুক্তি নিয়ে পুনরায় সুন্দরবনে দস্যুতা করে আসছিল। আটককৃত ডাকাত আসাবুর সানা (৪৫) দাকোপ থানার বাসিন্দা। আটককৃত ডাকাত, জব্দকৃত নৌকা, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
অপরদিকে, শনিবার( ২৮ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক আড়পাঙ্গাশিয়া নদী সংলগ্ন এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে বনদস্যুদের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। এসময় ওই এলাকায় কাউকে না পাওয়ায় ডাকাতদল শনাক্ত করা সম্ভব হয়নি। জব্দকৃত নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।





