জাতীয়

ঢাকা-১৩-এর মানুষের ঘরে ঘরে গিয়ে কথা শুনবেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ আরও জোরদার এবং এলাকার মানুষের সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা কাছ থেকে জানার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এর অংশ হিসেবে আগামীকাল বুধবার (১২ আগস্ট) ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের আমন্ত্রণে তাদের বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেবেন তিনি।

‘মন্ত্রীর সাথে চা,ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আনুষ্ঠানিক সভা বা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি করছেন। এক কাপ চায়ের সঙ্গে এলাকার মানুষের গল্প, সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা শোনার পাশাপাশি তাদের পরামর্শও গ্রহণ করবেন তিনি।

উদ্যোগটির অন্যতম বৈশিষ্ট্য হলো জনপ্রতিনিধির কাছে জনগণকে আসতে হবে না; বরং জনপ্রতিনিধিই জনগণের ঘরে যাবেন। ঢাকা-১৩-এর বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে তাদের নিজ বাসায় প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে আরও নিবিড় ও সরাসরি সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তৃণমূলের বাস্তব অভিজ্ঞতা ও নাগরিক সমস্যাগুলো জানার সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন দেখতে হবে, তাদের কথা শুনতে হবে। ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও গভীর করতেই এই উদ্যোগ। এক কাপ চায়ের আড্ডায় হয়তো এমন অনেক কথা উঠে আসবে, যা আনুষ্ঠানিক বৈঠকে বলা সম্ভব হয় না।

তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ আমার কাছে গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ঢাকা-১৩-কে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন।

‘চায়ের আড্ডা’ কর্মসূচিতে প্রতিমন্ত্রী এলাকার নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বাসিন্দাদের সঙ্গে সরাসরি আলোচনা করবেন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোগ ও নাগরিকদের বিভিন্ন প্রস্তাব সম্পর্কেও জানতে পারবেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগের ক্ষেত্রে ‘চায়ের আড্ডা’ একটি নতুন ও ব্যতিক্রমী রাজনৈতিক-সামাজিক যোগাযোগের মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে। আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে মানুষের ঘরে গিয়ে কথা বলার এ উদ্যোগ জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব কমানোর পাশাপাশি অংশগ্রহণমূলক স্থানীয় নেতৃত্বের একটি দৃষ্টান্ত তৈরি করবে।

এই বিভাগের আরও সংবাদ